Logo
×

Follow Us

জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যুতে ঢাকার নিন্দা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যুতে ঢাকার নিন্দা

সংগৃহীত ছবি

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সাথে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে সরকার।

রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, হামলায় নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১০ অক্টোবরের হামলায় প্রাণহানির পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সাথে আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে সৌদি আরবের সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।

মন্তব্য করুন