Logo
×

Follow Us

জাতীয়

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবিঃ বাসস

স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট মোকাবিলায় পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব স্থাপন, চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদারে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার রাজশাহী নগরীর একটি হোটেলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবলের ঘাটতির কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন। উপজেলা পর্যায়ে প্যাথলজি ল্যাব স্থাপন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সচল করা গেলে রোগ নির্ণয় সহজ হবে, কমবে রোগীদের ভোগান্তিও।

হাম প্রতিরোধে চলমান টিকাদান ও ক্যাচ-আপ কর্মসূচির আওতায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে বলে জানান ড. এম এ মুহিত। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশা ও লার্ভা নিধন এবং চিকিৎসকদের প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় দুই হাজার চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা দেয়ার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর। এ কারণে টিকাদান, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন