Logo
×

Follow Us

জাতীয়

অর্থনীতির অগ্রগতিতে ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বয় প্রয়োজন : ববি হাজ্জাজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

অর্থনীতির অগ্রগতিতে ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বয় প্রয়োজন : ববি হাজ্জাজ

ছবিঃ বাসস

ভাষাগত দক্ষতা ও কারিগরি জ্ঞানের সমন্বয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; জ্ঞান অর্জন, অভিজ্ঞতা বিনিময় এবং সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম হাতিয়ার। স্পষ্টভাবে নিজের চিন্তা প্রকাশ এবং অন্যের কাছে তা কার্যকরভাবে তুলে ধরার সক্ষমতা শিক্ষা, কর্মজীবন ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের যোগাযোগ ও দক্ষতা বিকাশের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে।

চীনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক পরিভাষা সমৃদ্ধ করা এবং সেই ভাষায় জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের সক্ষমতা বাড়াতে সহায়ক। বাংলাদেশেরও মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষতা বাড়াতে হবে। এতে জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক যোগাযোগ ও বৈশ্বিক বাণিজ্যে দেশের অংশগ্রহণ আরো কার্যকর হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের পর্যায়ে নেয়ার লক্ষ্য বাস্তবায়নে দক্ষ মানবসম্পদ অপরিহার্য। এ জন্য কারিগরি জ্ঞান, যোগাযোগের দক্ষতা এবং ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষা শেখার সুযোগ বাড়াতে হবে। তরুণদের ভাষাশিক্ষার অর্জনকে বৃহত্তর দক্ষতা উন্নয়নের ভিত্তি হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে আরো সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভাষা ও প্রযুক্তিগত জ্ঞানের সমন্বিত বিকাশ তরুণদের কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য করুন