Logo
×

Follow Us

জাতীয়

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০২:২৬ পিএম

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শিগগিরই সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরে যাবেন তিনি। একই সাথে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন সৌদি ক্রাউন প্রিন্স। তাঁর সুবিধাজনক সময়ে বাংলাদেশে স্বাগত জানাতে সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে। এ ধরনের চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের শান্তিরক্ষার দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় কাজে লাগানো এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনায় ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ সরকারের কাছে অগ্রাধিকার পাবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তা—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতাকে বাংলাদেশ গুরুত্ব দেয়। বাংলাদেশি কর্মীদের শুধু শ্রমশক্তি হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।

মন্তব্য করুন