Logo
×

Follow Us

জাতীয়

মহালয়া আজ, শুরু দেবীপক্ষের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৪ এএম

মহালয়া আজ, শুরু দেবীপক্ষের

সংগৃহীত ছবি

বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হচ্ছে আজ। শনিবার (১০ অক্টোবর) মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হচ্ছে দেবীপক্ষ। একই সাথে শেষ হচ্ছে পিতৃপক্ষ। মহালয়া উপলক্ষে প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানো হয়। এদিন ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীর আবাহন করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে বিশেষ পূজা, ঘট স্থাপন ও চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে।

পুরাণের বর্ণনা অনুযায়ী, ব্রহ্মার বর পেয়ে মহিষাসুর অপরাজেয় শক্তির অধিকারী হয়ে ওঠেন। তাঁকে পরাজিত করতে ব্যর্থ হন দেবতারাও। পরে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত শক্তিতে আবির্ভূত হন দেবী দুর্গা। দেবতাদের দেয়া অস্ত্রে সজ্জিত হয়ে সিংহবাহিনী দেবী মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং তাঁকে বধ করেন। এই কাহিনি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, পিতৃপক্ষে প্রয়াত আত্মীয়স্বজন ও পূর্বপুরুষদের স্মরণ করা হয়। তাঁদের আত্মার শান্তি কামনায় জল, তিল ও অন্ন উৎসর্গ করে তর্পণ করেন ধর্মপ্রাণ মানুষ। মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটে এবং সূচনা হয় দেবীপক্ষের।

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই ধর্মীয় উৎসব।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, এ বছর দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। মহালয়াকে কেন্দ্র করে এরই মধ্যে দুর্গোৎসবের প্রস্তুতি ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় উৎসবমুখর হয়ে উঠছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন এলাকা।

মন্তব্য করুন