Logo
×

Follow Us

জাতীয়

মৌলবাদের ষড়যন্ত্র মোকাবিলায় সংস্কৃতিচর্চার তাগিদ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

মৌলবাদের ষড়যন্ত্র মোকাবিলায় সংস্কৃতিচর্চার তাগিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

চারদিকে মৌলবাদের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার সকালে রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাংলা ভাষার চর্চা ও ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এক পৃষ্ঠা শুদ্ধ বাংলায় লিখতে বললে অনেকেই তা করতে পারবেন না। ই-কার, ঈ-কার, র-ফলা ও য-ফলার মতো বানান ও ভাষাগত জটিলতার কারণে বাংলা ভাষার শুদ্ধ চর্চা অনেকের কাছে কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাংলা ভাষাকে আধুনিকায়নের বিষয়ে ভাষাবিশেষজ্ঞরা আলোচনা করছেন বলেও জানান তিনি।

এর আগে রাজবাড়ী একাডেমির উদ্যোগে রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে বাংলা ভাষার প্রতি ভালোবাসা তৈরি করাই বাংলা উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য। ভাষার প্রতি ভালোবাসা না থাকলে তার যথাযথ বিকাশ সম্ভব নয়। অনেক আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মূল্য ও গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, দশম বাংলা উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে ভাষা প্রতিযোগিতা, শুদ্ধ বানান লেখা, বিপরীত শব্দ নির্ণয়, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন