Logo
×

Follow Us

জাতীয়

শিক্ষার্থীদের প্রযুক্তি ও এআই জ্ঞান অর্জনের তাগিদ অর্থমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

শিক্ষার্থীদের প্রযুক্তি ও এআই জ্ঞান অর্জনের তাগিদ অর্থমন্ত্রীর

ছবিঃ বাসস

আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের কম্পিউটার, ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। এসব বিষয়ে জ্ঞান না থাকলে ভবিষ্যতের পরিবর্তিত বিশ্বের সাথে তাল মেলানো কঠিন হবে।

আজ দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী।

শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের সাফল্যের পেছনে পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফল অর্জনের জন্য পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিবারের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বিদ্যালয়ের সমাবেশ, ক্রিকেট খেলা, গ্রন্থাগার এবং শিক্ষকদের স্মৃতি এখনো তাঁর মনে উজ্জ্বল। স্কুলজীবনের অভিজ্ঞতা মানুষের জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে বলেও উল্লেখ করেন তিনি।

বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দেওয়ার বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। স্কুলের গ্রন্থাগার আগের মতো কার্যকর না থাকায় তিনি দুঃখ প্রকাশ করেন। শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারকে কার্যকর করার ওপর জোর দেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব না থাকায় বিস্ময় প্রকাশ করে সেখানে কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন।

এর আগে সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্মিত সাইকেল ট্র্যাক উদ্বোধন করেন অর্থমন্ত্রী। সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই ট্র্যাকটি শুধু সাইকেল আরোহীদের ব্যবহারের জন্য নির্মাণ করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ ধরনের উদ্যোগ দেশে প্রথম।

সাইকেল ট্র্যাক উদ্বোধনকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নত বিশ্বের অনেক দেশে সড়কের পাশে সাইকেল চালানোর জন্য পৃথক লেন রয়েছে। মানুষ সাইকেলে কর্মস্থলে যাতায়াতের পাশাপাশি শারীরিক ব্যায়ামের সুযোগ পায়। বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে স্বাস্থ্যকর নগরজীবন গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে।

চট্টগ্রাম নগরীতে আরো চার-পাঁচটি সাইকেল চলাচলের পথ নির্মাণের জন্য মেয়রকে অনুরোধ জানান তিনি। পাশাপাশি নগরীর খালগুলোর দুই পাশে সম্ভব হলে হাঁটার পথ তৈরির ওপর গুরুত্ব দেন। এসব পথে মানুষ যেন নিরাপদে হাঁটতে ও দৌড়াতে পারে, সে জন্য পর্যাপ্ত জায়গা রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

মন্ত্রী আরো বলেন, নারী-পুরুষ সবার জন্য হাঁটার পথ এবং শরীরচর্চার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। নগরজীবনে আবাসিক ভবন ও অ্যাপার্টমেন্টকেন্দ্রিক জীবনযাত্রার কারণে শারীরিক কর্মকাণ্ডের সুযোগ কমছে। এ পরিস্থিতি মোকাবিলায় হাঁটা, দৌড়ানো ও খেলাধুলার উপযুক্ত অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি দৌড়, উচ্চলম্ফ ও দীর্ঘলম্ফের মতো ইভেন্টে দক্ষ ক্রীড়াবিদ তৈরির সুযোগ বাড়াতে হবে।

মন্তব্য করুন