Logo
×

Follow Us

জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণায় এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণার সাথে জড়িত জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসে কর্মী পাঠানোর নামে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে ২৫টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

প্রবাসীদের বিমানবন্দরে সেবা সহজ করা এবং হয়রানি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানান আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী ব্যাংক’ চালুসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ চলছে। প্রবাসীদের সমস্যা ও অভিযোগ শুনতে সপ্তাহে অন্তত এক দিন সময় বরাদ্দ রাখার জন্য সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, পৃথিবীতে সমস্যা সব সময়ই থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীরা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সেবা নিতে পারেন, সে লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মীদের চাহিদা পূরণে কারিগরি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কওমি মাদরাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন