বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেশজুড়ে ডাকসেবা সপ্তাহ শুরু
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
সংগৃহীত ছবি
বিশ্ব ডাক দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ শুরু হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আলোচনা সভার আয়োজন করে ডাক অধিদপ্তর। এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক (পিআরএল ভোগরত) মো. আরিফুল হক, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল সাফি মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লা।
গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডাকসেবা নিশ্চিত করতে আজ ও আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা চালু রাখা হয়েছে। তবে এ কার্যক্রমের আওতায় সঞ্চয় ব্যাংক সেবা অন্তর্ভুক্ত নয়।
এদিকে, বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডাকসেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট ও ডাকসংক্রান্ত সংগ্রহের প্রদর্শনী এবং ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া দিবসের প্রতিপাদ্যকে কেন্দ্র করে রচনা, পত্রলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ডাকসেবার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে বেতার কথিকাও প্রচারিত হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে ডাকসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডাক বিভাগের কার্যক্রমের সাথে মানুষের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)