অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ জনশক্তি গড়তে হবে : ববি হাজ্জাজ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগ, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব সমস্যার সমাধানে দক্ষ হতে হবে।
আজ রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্স ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ববি হাজ্জাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান অর্জন ও কর্মজীবন গঠনের ভিত্তি। তবে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা না থাকলে শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন। তাই শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।
দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখানো ও শেখার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে শিক্ষকদেরও ইংরেজিতে দক্ষতা উন্নয়ন প্রয়োজন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিতে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থী সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে মত প্রকাশ এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্রে সমস্যায় পড়েন। এ অবস্থা পরিবর্তনে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ইংরেজির ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে।
তিনি বলেন, ইংরেজি কেবল যোগাযোগের মাধ্যম নয়; বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসা, অর্থনীতি ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে আধুনিক জ্ঞান অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তিগত নির্দেশনা ও পেশাগত তথ্যের বড় অংশ ইংরেজিতে প্রকাশিত হয়। ফলে ভাষাগত দক্ষতার অভাব মেধাবী শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতা প্রমাণের পথে বাধা হতে পারে। একই সঙ্গে নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়ে ববি হাজ্জাজ বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা জরুরি। শিক্ষার মাধ্যমে বাস্তবসম্মত কর্মসংস্থানের পথ তৈরি করা গেলে তরুণেরা উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, সমস্যা সমাধানের সক্ষমতা, উদ্ভাবনী চিন্তা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলিইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক এবং সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে টেসল সোসাইটি অব বাংলাদেশের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)