Logo
×

Follow Us

জাতীয়

বিশ্বমানের বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তোলার পরামর্শ সংসদীয় স্থায়ী কমিটির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পিএম

বিশ্বমানের বিমান পরিবহন ও পর্যটন খাত গড়ে তোলার পরামর্শ সংসদীয় স্থায়ী কমিটির

ছবি: জাতীয় সংসদ

সততা ও নিষ্ঠার সাথে ‘করব কাজ, গড়ব দেশ’ এই নীতি ধারণ করে আধুনিক, নিরাপদ ও বিশ্বমানের বিমান পরিবহন এবং পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপির সভাপতিত্বে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে উন্নীতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সামগ্রিক কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমের বাস্তবায়িত অংশ এবং যে সমস্ত পদ শূন্য রয়েছে তার ওপর বিস্তারিত প্রতিবেদন প্রদানের সুপারিশ করে। বৈঠকে শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যবৃন্দের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমন্বয়ের সাথে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করে।

বৈঠকে কমিটি সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, জসীম উদ্দীন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান ও মো. আবু তালিব অংশগ্রহণ করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন সংস্থা সমূহের ঊর্ধ্বতন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন