শিক্ষকদের যৌক্তিক দাবিতে সরকারের সহযোগিতার আশ্বাস
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
ছবিঃ বাসস
সরকারের সক্ষমতা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষকদের যৌক্তিক ও ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, প্রয়োজনীয় নীতিমালা দ্রুত প্রণয়ন করে তা কার্যকর করার উদ্যোগ নেয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মাহ্দী আমিন বলেন, আগের সরকারের সময়ে দুর্নীতি ও অনিয়মের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অবসর ভাতা দীর্ঘদিন আটকে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেয়ার ছয় মাসের মধ্যে ২ হাজার কোটি টাকার সংস্থান করে এসব পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু করেছেন। ভবিষ্যতেও শিক্ষক সমাজের কল্যাণ ও স্বার্থকে সরকার গুরুত্ব দেবে বলে জানান তিনি।
শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব শিক্ষক দিবসে আগে ১২ জন শিক্ষককে সম্মাননা দেয়া হলেও বর্তমানে এ সংখ্যা শতাধিক করা হয়েছে। বিগত সরকারের সময়ে নিপীড়নের শিকার হয়েও শিক্ষার্থীদের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা রাখা শিক্ষকদের সামাজিক ও প্রশাসনিকভাবে মূল্যায়নের উদ্যোগ নেয়া হবে।
শিক্ষকদের প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলতে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর কথাও জানান মাহ্দী আমিন। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষক বিনিময় কর্মসূচি, উচ্চশিক্ষার সুযোগ, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ জোরদারে পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, গত ১৬ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সংকটময় সময়ে শিক্ষকরা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন।
মাহ্দী আমিন আরও বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি এমপিও ব্যবস্থা, এনটিআরসিএ, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠার মতো বিভিন্ন উদ্যোগ বিএনপির শাসনামলে নেয়া হয়েছিল।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-কর্মচারী প্রতিনিধিরা অংশ নেন। এতে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদসহ অন্যরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)