Logo
×

Follow Us

জাতীয়

ভবিষ্যতের জন্য পানি ব্যবস্থাপনায় এখনই গুরুত্ব দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

ভবিষ্যতের জন্য পানি ব্যবস্থাপনায় এখনই গুরুত্ব দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান

ভবিষ্যতে বড় ধরনের পানি সংকট এড়াতে এখন থেকেই সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন পরিকল্পনার প্রতিটি পর্যায়ে পানির গুরুত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সচিবালয়ে নিজ কার্যালয়ে ইউনিসেফের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, পানি মানুষের জীবন ও নিরাপত্তার সাথে সরাসরি সম্পৃক্ত। ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বজুড়ে পানি বড় একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই সংকট তৈরি হওয়ার আগেই পানির সঠিক ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

পানি ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে আবদুল মঈন খান বলেন, প্রায় ৬০ বছর আগে সুইডেনের মতো দেশগুলো প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক প্রভাব উপলব্ধি করেছিল। বাংলাদেশও এখন একই ধরনের বাস্তবতার মুখোমুখি হচ্ছে। তাই আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নের সঙ্গে পানির সম্পর্ক গভীর উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে বস্ত্র ও পোশাকশিল্পে বিপুল পরিমাণ পানি ব্যবহৃত হয়। একই সময়ে শিল্পকারখানার বর্জ্যে দেশের বিভিন্ন নদী ও খালের পানি দূষিত হচ্ছে। উপকূলীয় এলাকাতেও পানি নিয়ে নানা ধরনের সংকট রয়েছে।

মন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার পাশাপাশি মানুষের জীবন ও পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করতে হবে। শুধু উন্নত আবাসন নয়, মানুষের জন্য নিরাপদ পানি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

বৈঠকে জানানো হয়, ইউনিসেফের সহযোগিতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের বিভিন্ন প্রকল্প চলমান রয়েছে।

বৈঠকে ইউনিসেফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ অ্যাড ইন্টেরিম গিলিয়ান মেলসপ, ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (প্রোগ্রাম) এমানুয়েল আব্রিউসহ ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রণালয় ও অধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

মন্তব্য করুন