সড়ক পরিবহনে নৈরাজ্য বন্ধের আশা রুহুল কবির রিজভীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবিঃ বাসস
সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের অনিয়ম, চাঁদাবাজি ও আইনবহির্ভূত কর্মকাণ্ড বন্ধে সদ্য গঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফেডারেশনের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, নতুন কমিটির নেতৃত্বে সড়ক পরিবহন খাতে দীর্ঘদিনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, চাঁদাবাজি ও আইনবহির্ভূত কর্মকাণ্ডের অবসান ঘটবে বলে তিনি প্রত্যাশা করেন। এর মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি মাফিয়াবৃত্তিরও অবসান ঘটানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ছাত্র রাজনীতির পটভূমি থেকে উঠে আসা নবনির্বাচিত নেতারা নতুন চিন্তা ও ধারণা কাজে লাগিয়ে সড়ক পরিবহন খাতের অচলাবস্থা দূর করতে পারবেন। একই সাথে পরিবহন ব্যবস্থাকে আইনসংগত করা এবং যাত্রীসেবার মান উন্নয়নেও তারা ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।
রিজভী আরো বলেন, নতুন কমিটির নেতৃত্বে সড়ক পরিবহন খাতের বর্তমান দুরবস্থা কাটিয়ে একটি নতুন ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে। এতে মানুষের আস্থা বাড়বে, যাত্রীরা নিরাপত্তা অনুভব করবেন এবং সড়ক যোগাযোগে স্বস্তি ফিরবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)