Logo
×

Follow Us

জাতীয়

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পিএম

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ভারতের সাথে পানি বণ্টন ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্যা পাওয়ার প্রত্যাশা বাংলাদেশের। এ বিষয়ে আন্তর্জাতিক আইনের পাশাপাশি দেশের জনগণের আকাঙ্ক্ষাও বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করছে।

বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি নিয়ে দুই দেশের সহযোগিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নিয়মিত ও কার্যকর যোগাযোগ প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে এবং আলোচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নাম চাওয়া হয়েছে।

দুই দেশের পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ভারতীয় পক্ষের প্রতিনিধিদের নাম পাওয়ার পর বাংলাদেশের প্রতিনিধিরা তাদের সাথে আলোচনা শুরু করতে পারবেন। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে। এরপর দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে পরবর্তী দফার পানি চুক্তি নবায়নের পথ তৈরি করা সম্ভব হবে।

হুমায়ুন কবির আরও বলেন, দুই দেশের নেতৃত্বের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে আলোচনার মাধ্যমে পানি নিয়ে বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। কূটনীতি ও সংলাপের মাধ্যমেই এ ধরনের বিরোধপূর্ণ বিষয় সমাধান করতে হবে।

পানি বণ্টনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন বাংলাদেশের আলোচনার অন্যতম ভিত্তি বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন