বাংলাদেশ-ইন্দোনেশিয়া বৈঠকে গুরুত্ব পেল ভিসা-ভ্রমণ সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সাথে সাক্ষাৎ করেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।
সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষা, পর্যটন ও জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় যাওয়া পর্যটকদের ভ্রমণসুবিধা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়।
দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ করতে ভিসা প্রক্রিয়া সরলীকরণ, বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ার অন-অ্যারাইভাল ভিসা পুনরায় চালু এবং সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের বিষয় আলোচনায় আসে। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়।
বৈঠকে বাংলাদেশে ইন্দোনেশিয়ার আরও বেশি কোম্পানির বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরির বিষয়েও মতবিনিময় হয়। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা ও জনগণের মধ্যে যোগাযোগ—এসব খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো গভীর করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
পণ্য বাণিজ্য বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষিপণ্য এবং পাম অয়েলের বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি হালাল পণ্যের রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
জ্বালানি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে গ্যাস ও তেল নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেয়া হয়।
সাক্ষাতে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে। অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়েও তারা একমত হন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)