Logo
×

Follow Us

জাতীয়

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পিএম

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ

ছবি: সংগৃহীত

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে দেশব্যাপী উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজনের তাগিদ দেয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আবুল খায়ের ভুঁইয়া।

বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর প্রচার-প্রচারণা বাড়াতে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে ব্যাপক প্রচারের যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বেকার তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনা এবং সারাদেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের কথা বলে কমিটি।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে সংসদীয় কমিটি। বিভিন্ন নির্মাণকাজে ঠিকাদাররা যেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সে বিষয়ে নজরদারি ও মাননিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভাপতির বিশেষ আমন্ত্রণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বৈঠকে উপস্থিত ছিলেন। কমিটির সদস্য মোরশেদ মিলটন, অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, মোহাম্মদ আবু সুফিয়ান, মো. ফজলে হুদা, কামরুজ্জামান কামরুল, আলফারুক আব্দুল লতীফ, শেখ মনজুরুল হক (রাহাদ) এবং মো. আতাউর রহমান অংশ নেন। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন