দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুর্গাপূজার ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ অক্টোবর কর্মদিবস হিসেবে নির্ধারিত ছিল। দুর্গাপূজার ছুটি পুনর্নির্ধারণ করে ওই দিনটিকেও সরকারি ছুটির আওতায় আনা হয়েছে। ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিন দিন সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
তবে ছুটির কারণে টানা দীর্ঘ ছুটি তৈরি হওয়ায় আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো সরকারি ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ সময় দায়িত্ব পালন করবেন।
হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সাথে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ছুটির বাইরে থাকবেন। একইভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের কাজে নিয়োজিত কর্মীদের ছুটির আওতায় রাখা হবে না। জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।
ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এ ছাড়া বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)