Logo
×

Follow Us

জাতীয়

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সাথে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতির সাথে

ছবিঃ বঙ্গভবন

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রম আরো সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসাসেবা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটির এই সেবামূলক উদ্যোগের প্রশংসা করে তিনি এর পরিধি আরো বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, তিনিও অনেক দরিদ্র রোগীকে চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে উল্লেখ করে তিনি ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিষয়ে সহযোগিতা চাওয়া হলে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’-এ প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতির উপস্থিতির আমন্ত্রণপত্র তুলে দেয়। রাষ্ট্রপতি সম্মেলনে অংশ নেয়ার বিষয়ে সম্মতি জানান।

প্রতিনিধিদলে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিবও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন