শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করছে সরকার: মঈন খান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: পিআইডি
শিশুদের অধিকার নিশ্চিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শিশুদের জন্য বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যৎ নির্মাণে কাজ করা। আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে।
বুধবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে শিশুদের ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দেন মন্ত্রী।
ড. মঈন খান বলেন, একসময় আজকের শিশুরাই দেশের পূর্ণাঙ্গ নাগরিক হয়ে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নেবে। তাদের সঠিকভাবে গড়ে তোলার দায়িত্ব শুধু শিশুদের নয়, অভিভাবক ও বর্তমান প্রজন্মের ওপরও রয়েছে।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে প্রস্তুত করতে এখন থেকেই সচেতন হতে হবে। দেশকে ভালোবাসার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। শিশুদের ভবিষ্যৎ গঠনে কোনো ঘাটতি থাকলে এর দায় বর্তমান প্রজন্মকেও নিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
শিশু অধিকার প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, জাতিসংঘ বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে গুরুত্ব দেওয়ার ১৩ বছর আগেই ১৯৭৬ সালে জিয়াউর রহমান শিশুদের অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত সুযোগ তৈরির প্রয়োজনীয়তাও তিনি অনুধাবন করেছিলেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
‘শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে’—এই বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, শিশুরাই ভবিষ্যতে দেশের পূর্ণ নাগরিক হিসেবে রাষ্ট্র পরিচালনা ও নেতৃত্বের দায়িত্ব নেবে। তাই তাদের যথাযথভাবে গড়ে তোলার বিষয়টি জাতীয় ভবিষ্যতের সাথে সরাসরি যুক্ত।
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশু অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন ড. মঈন খান। অনুষ্ঠানে অংশ নেয়া শিশুরা এ ইতিহাসের একটি উল্লেখযোগ্য সময়ের সাক্ষী হয়ে থাকল বলেও মন্তব্য করেন তিনি।
পৃথিবীর অগ্রযাত্রার সাথে শিশুদের ভবিষ্যৎকে তুলনা করে মন্ত্রী বলেন, সৃষ্টির চাকা কখনো থেমে থাকে না; তা সবসময় সামনের দিকে এগিয়ে চলে। শিশুরাও সেই অগ্রযাত্রার অংশ। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে।
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান তিনি। একই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশকে এগিয়ে নেয়ার কথাও বলেন মন্ত্রী।
সেমিনারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)