Logo
×

Follow Us

জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পিএম

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রাজধানী ঢাকার হাসপাতালগুলোকে এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেয়া হয়েছে।

ডেঙ্গু রোগীর চাপ সামলাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে স্থাপিত ফিল্ড হাসপাতাল চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো এবং রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রয়োজন অনুযায়ী কিছু রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। একই সাথে ঢাকা মেডিকেলে স্থাপিত ফিল্ড হাসপাতাল চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু রোগীর চাপ মোকাবিলায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে শয্যা সংখ্যা আরো বাড়াতে বলা হয়েছে। রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, ডেঙ্গু রোগীর চাপ রাজধানীতে তুলনামূলক বেশি হওয়ায় ঢাকার বিভিন্ন হাসপাতালের পরিচালককে শয্যা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে ঢাকার হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

তিনি আরো বলেন, সংকটের সময়ে সরকারি হাসপাতাল সাধারণত রোগী ফিরিয়ে দেয় না। তবে রোগীর সংখ্যা হাসপাতালের নির্ধারিত শয্যা সক্ষমতার চেয়ে বেড়ে গেলে চিকিৎসা নিতে আসা মানুষের ভোগান্তি বাড়ে। এই চাপ কমাতেই দেশের বিভিন্ন হাসপাতালকে প্রস্তুত রাখা হচ্ছে।

 ৬ অক্টোবর পর্যন্ত ২৮১ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৯০ হাজার ৩৫৬ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮১ জনের।

মৃতদের মধ্যে ১৩২ জন পুরুষ ও ১৪৫ জন নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারীর হার ৩৭ দশমিক ৭ শতাংশ।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১২৭ জন। এরপর খুলনা বিভাগে ৫৫ জন, চট্টগ্রামে ২৫, বরিশালে ২৪, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ১৯, রংপুরে ৬ এবং সিলেটে ২ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু রোগীর সংখ্যা ও মৃত্যুর ঊর্ধ্বগতি বিবেচনায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সক্ষমতা বাড়ানোর এই উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য করুন