Logo
×

Follow Us

জাতীয়

লটারির মাধ্যমে মনোনীত করা হল ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

লটারির মাধ্যমে মনোনীত করা হল ঢাকার ১৮ সাব-রেজিস্ট্রার

ছবি: পিআইডি

ঢাকার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে লটারির মাধ্যমে ১৮ জন সাব-রেজিস্ট্রারকে পদায়নের জন্য নির্বাচিত করা হয়েছে। দেশের ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে এ ১৮ জনকে বাছাই করা হয়।

সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ঢাকা জেলার গুরুত্বপূর্ণ ১৮টি সাব-রেজিস্ট্রি স্টেশনে এসব কর্মকর্তাকে পদায়ন করা হবে।

আইনমন্ত্রী জানান, নির্বাচিত কর্মকর্তাদের আগামী সাত দিনের মধ্যে পদায়নের আদেশ দেয়া হবে। এর আগে তাদের সাক্ষাৎকারের মাধ্যমে দক্ষতা ও কাজের চাপ সামলানোর সক্ষমতা যাচাই করে উপযুক্ত স্টেশনে দায়িত্ব দেয়া হবে।

তিনি বলেন, যেসব এলাকায় সাব-রেজিস্ট্রি কার্যক্রম নিয়ে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে, সেসব জায়গায় দীর্ঘদিনের সিন্ডিকেট ভাঙতেই লটারি পদ্ধতি চালু করা হয়েছে। ঢাকার পাশাপাশি পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বা ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে বিবেচিত স্টেশনেও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ নেয়া হবে।

লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তারা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান আইনমন্ত্রী। তার ভাষ্য, সাব-রেজিস্ট্রারদের পদায়ন নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণা কাটাতে একটি নতুন ও স্বচ্ছ পদ্ধতির সূচনা করা প্রয়োজন ছিল।

আইনমন্ত্রী আরও জানান, বর্তমানে সারা দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। এর বাইরে প্রায় ১৩৯টি পদ শূন্য রয়েছে। ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন কর্মকর্তার মধ্য থেকেই ঢাকার ১৮টি স্টেশনের জন্য লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন