ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিদিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত এক দিনে চিকিৎসাধীন অবস্থায় সবচেয়ে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালগুলোতে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ১ হাজার ৯০২ জন সহ চলতি বছর জুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে। এর আগে রোববার ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু এবং ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ৯ মাসের মধ্যে সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক তাণ্ডব দেখা যায়। ওই এক মাসেই ৪৩ হাজার ৭৭৪ জন হাসপাতালে চিকিৎসা নেন এবং ১৪৮ জনের প্রাণহানি ঘটে। সেপ্টেম্বর পার হয়ে অক্টোবর শুরু হলেও সংক্রমণ ও মৃত্যুর উচ্চ হার অব্যাহত রয়েছে। ডেঙ্গু রোগীর ভিড়ে রাজধানীর প্রায় প্রতিটি হাসপাতেলেই এখন শয্যা সংকট ও অতিরিক্ত রোগীর চাপ পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৮৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)