Logo
×

Follow Us

জাতীয়

ডেপুটি স্পিকারের সাথে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পিএম

ডেপুটি স্পিকারের সাথে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

ছবিঃ সংগৃহীত

 

বাংলাদেশ ও মন্টেনিগ্রোর মধ্যে সংসদীয় সহযোগিতা বাড়াতে দুই দেশের আইনপ্রণেতাদের নিয়ে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে ইতিবাচক মনোভাব জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সম্প্রতি ডেপুটি স্পিকারের কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। বৈঠকে সংসদীয় গণতন্ত্র, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের আইনসভায় অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে কায়সার কামাল বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত আইনসভা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং সরকার ও জনগণের মধ্যে কার্যকর সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গর্ডান স্টোজোভিচ জানান, মন্টেনিগ্রোর পার্লামেন্টও বাংলাদেশের জাতীয় সংসদের মতো এককক্ষবিশিষ্ট। দেশটির পার্লামেন্টে সদস্যসংখ্যা ৮১ জন। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরো কার্যকর করতে তিনি সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের আগ্রহ প্রকাশ করেন। এ প্রস্তাবে সম্মতি জানিয়ে কায়সার কামাল বলেন, মন্টেনিগ্রোর পার্লামেন্টের সাথে এ ধরনের গ্রুপ গঠনের বিষয়ে বাংলাদেশ ইতিবাচক।

বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। শুধু বিরোধিতা করার জন্য নয়, বরং জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই সংসদে বিরোধী দলের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, মন্টেনিগ্রোর সংসদীয় কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে গর্ডান স্টোজোভিচ বলেন, দেশটির সংসদীয় কমিটিগুলো নির্বাহী বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনা ও তদারকিতে নিবিড়ভাবে কাজ করে।

কায়সার কামাল আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের চর্চায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই ধারাবাহিকতা দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন