গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
ছবিঃ বাসস
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো উদ্যোগ সরকারের নেই এবং এমন কোনো পরিকল্পনাও করা হচ্ছে না।
সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সাথে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান ব্রিটিশ হাইকমিশনার।
আন্দালিভ রহমান বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেয়াও গুরুত্বপূর্ণ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর, বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার ও স্বার্থ সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময় করছে।
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। তবে সাংবাদিকদের পেশাগত ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলায় তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
সারাহ কুক জানান, ভুল তথ্য মোকাবিলা ও গণমাধ্যমের দায়িত্বশীল চর্চা জোরদারে যুক্তরাজ্যের অফিস অব কমিউনিকেশনস (অফকম) এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা চ্যালেঞ্জ, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)