Logo
×

Follow Us

জাতীয়

মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে ৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে ৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে ৯ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা আদেশে এ অর্থ ছাড়ের বিষয়টি জানানো হয়। বরাদ্দের টাকা দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে দেয়া হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন অনুদানের জন্য বরাদ্দ রাখা ১৮ কোটি টাকা থেকে এই অর্থ ব্যয় করা হবে। সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ হিসাবরক্ষণ কার্যালয়ের মাধ্যমে বরাদ্দের টাকা উত্তোলন করতে পারবে।

আদেশ অনুযায়ী, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে অর্থ সংগ্রহ করবেন। এ জন্য প্রয়োজনীয় বরাদ্দের অথরিটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে চীফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

বরাদ্দের অর্থ শুধু মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, দাফন এবং পরিবহনের কাজে ব্যবহার করা যাবে। অন্য কোনো খাতে এই অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যবহারের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি ও নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায় নিতে হবে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, ৩০ জুন ২০২৭ সালের পর বরাদ্দের কোনো অর্থ অব্যয়িত থাকলে তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিতে হবে। একই সঙ্গে অব্যয়িত অর্থের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

এ বিষয়ে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আদেশে স্বাক্ষর করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান।

মন্তব্য করুন