হাসিনাকে গ্রহণ ছাড়া ভারতের বিকল্প ছিল না: ত্রিবেদী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম
সংগৃহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন এবং ওই পরিস্থিতিতে তাকে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে তেমন কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি অধিবেশনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে কবে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে—এমন প্রশ্নের জবাবে ত্রিবেদী বলেন, বিষয়টি একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও এ বিষয়ে একাধিকবার অবস্থান জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণসংক্রান্ত প্রক্রিয়াটি আইনি কাঠামোর মধ্যেই চলছে এবং আদালতও এর সাথে যুক্ত থাকায় নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়।
শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণেই তিনি ভারতে পৌঁছান। সামরিক বিমানটি ভারতে আসার সময় ভারতও এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না বলে জানান তিনি।
ত্রিবেদীর বক্তব্য, ওই সময় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিবেশী দেশ হিসেবে উদ্ভূত বাস্তবতা মেনে নেওয়াই ভারতের দায়িত্ব ছিল। তাকে গ্রহণ না করলে বা বিমান অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী রূপ নিত, তা বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের মতো ভারতও একটি গণতান্ত্রিক দেশ এবং আইনি ব্যবস্থার প্রতি সম্মান রয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়েও ভারতের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এবারের বে অব বেঙ্গল কনভারসেশনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা, ৩০০ প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। সম্মেলনে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশ নিচ্ছেন।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ৫ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)