দায়িত্বশীল প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন চিফ হুইপ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।ছবিঃ বাসস
সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, শারীরিক সুস্থতার পাশাপাশি খেলাধুলা তরুণদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়তা করে।
শুক্রবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুর তায়কোয়ানডো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।
চিফ হুইপ বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীদের খেলাধুলায় যথেষ্ট প্রতিভা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের ক্রীড়াঙ্গনে আরো বেশি সম্পৃক্ত ও উৎসাহিত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি দায়িত্ববোধ এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চর্চাও তৈরি হয়।
তিনি আরো বলেন, তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত রাখতে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার ঘটানো জরুরি। এ ধরনের প্রতিযোগিতা তরুণ খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে। একই সাথে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বাড়াতেও ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে চিফ হুইপ প্রতিযোগিতায় অংশ নেয়া খেলোয়াড়দের সাফল্য কামনা করেন এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শায়রুল কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)