Logo
×

Follow Us

জাতীয়

নারী শ্রমিকদের কল্যাণে দ্রুত চালু হবে কালুরঘাট হোস্টেল: শ্রমমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

নারী শ্রমিকদের কল্যাণে দ্রুত চালু হবে কালুরঘাট হোস্টেল: শ্রমমন্ত্রী

ছবিঃ বাসস

শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর উদ্যোগ নেয়া হবে।

শুক্রবার সকালে কালুরঘাট শিল্প এলাকায় স্থাপনাটি পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, কেন্দ্রটি চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

শ্রমমন্ত্রী বলেন, কালুরঘাট শিল্পাঞ্চলে প্রায় দুই লাখ শ্রমিক কাজ করেন, যাদের উল্লেখযোগ্য অংশ নারী। এসব শ্রমিকের নিরাপদ আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য সমস্যা সমাধানে মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিদর্শনকালে মন্ত্রী নারী শ্রমিকদের আবাসনের জন্য নির্মিত হোস্টেল এবং পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ পুরো শ্রমকল্যাণ কেন্দ্র ঘুরে দেখেন। তিনি জানান, স্থাপনাটি নির্মাণে সরকার কয়েক শ কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে বিভিন্ন কারণে এটি এখনো চালু করা সম্ভব হয়নি।

স্থাপনাটির ভবিষ্যৎ ব্যবহার নির্ধারণে আইনগত ও কারিগরি দিকগুলো পর্যালোচনা করা হবে বলে জানান আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রমকল্যাণ সংস্থার কর্মকর্তা, নির্মাণকারী প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন