বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পিএম
মেজর (অব.) আখতারুজ্জামান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। দণ্ডবিধির একাধিক ধারায় করা মামলাটি থানার মামলা নম্বর ৬।
এজাহারে বলা হয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৩৮-এর যাত্রীদের চাপের কারণে ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলির সংকট দেখা দেয়। এতে লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। পরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় মেজর (অব.) আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে গিয়ে তাকে গালাগাল ও হুমকি দেন। এজাহারে তার বিরুদ্ধে নির্বাহী পরিচালককে প্রকাশ্যে মারধরের হুমকি দেওয়ার পাশাপাশি বিমান ও পর্যটন মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে আরো উল্লেখ করা হয়, মেজর আখতারুজ্জামানের সাথে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত বা কেপিআই এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের ভিডিও ধারণে নিষেধ করলে আখতারুজ্জামান তার সাথে অশোভন আচরণ ও গালাগাল করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের ট্রলিতে থাকা জমজমের পানির বোতল ফেলে ক্ষতিসাধন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সাথে মারমুখী আচরণের অভিযোগও মামলার এজাহারে রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কর্মকাণ্ডের কারণে বিমানবন্দরের মতো সংবেদনশীল ও সংরক্ষিত স্থাপনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং স্বাভাবিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনায় দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।
ঘটনার তদন্তে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য আলামত সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, মামলায় অভিযুক্ত মেজর (অব.) আখতারুজ্জামানের রাজনৈতিক অতীত নিয়েও এজাহারে ও সংশ্লিষ্টদের বক্তব্যে আলোচনা এসেছে। তার সাবেক রাজনৈতিক দল বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভিন্ন সময়ে মোট পাঁচবার বহিষ্কৃত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন সময়ে তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদও বাতিল করা হয়েছিল বলে জানা যায়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)