সাগরে মালয়েশিয়াগামী ৬৫ যাত্রী উদ্ধার,আটক ১১ মানবপাচারকারী সদস্য
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম
সংগৃহীত ছবি
সেন্টমার্টিনের কাছাকাছি গভীর সাগর থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়াগামী যাত্রী এবং ১১ জন মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে একটি ভাসমান কাঠের বোট দেখতে পায় মাছ ধরার ট্রলার এফভি ক্রিস্টাল-১। বোটে থাকা ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়।
সংবাদ পেয়ে নিয়মিত টহলে থাকা নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে বোটটি উদ্ধার করে। নৌবাহিনী জানায়, বোটটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে পড়ায় সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। একপর্যায়ে বোটে পানি ঢুকে পড়লে দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
পরে বোটে থাকা ৭৬ জনকে উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়। অপর ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে নৌবাহিনী।
নৌবাহিনীর তথ্য বলছে, প্রতারণার শিকার অধিকাংশ ব্যক্তিকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে তাদের ওই বোটে তোলা হয়।
উদ্ধারের পর ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেয়া হয়েছে। আটক ১১ জন এবং জব্দ করা বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম শুক্রবার সকালে উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গভীর সাগর থেকে উদ্ধার করা ব্যক্তি ও আটক ব্যক্তিদের থানায় আনা হচ্ছে। তবে সকালে তারা থানায় পৌঁছাননি।
বাংলাদেশের সমুদ্রসীমায় মানবপাচার, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)