রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি নিয়ে জটিলতা কাটার পর রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ কার্গো উড়োজাহাজে চালানটি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়াম নেয়া হবে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়ামের চালানটি দেশে পৌঁছানোর কথা থাকলেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করা হয়। পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় সরবরাহ কার্যক্রমে এই বিলম্ব ঘটে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের জ্বালানি পুনঃস্থাপনের (রিফুয়েলিং) জন্য দুটি কার্গোতে ইউরেনিয়াম আনা হবে। সব মিলিয়ে মোট নয়টি চালানে জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো সরবরাহ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রাথমিক পর্যায়ে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)