৪৯তম বিসিএসে রাজনৈতিক পরিচয়ে বৈষম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবিঃ সংগৃহীত
৪৯তম বিসিএস (বিশেষ শিক্ষা) ক্যাডারের নিয়োগ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীকে বৈষম্যের শিকার হতে হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি সরকারের এ অবস্থান তুলে ধরেন। মন্ত্রী বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আন্দোলন ও গণঅভ্যুত্থান হয়েছে। তাই কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে বিসিএসসহ কোনো নিয়োগ পরীক্ষা বা সরকারি প্রক্রিয়ায় বৈষম্য করা হবে না।
৪৯তম বিসিএসের প্রজ্ঞাপনে নাম থাকার পরও যাচাই-বাছাইয়ের কারণে চূড়ান্ত তালিকায় নাম না আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রার্থীর দেয়া বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়োগের প্রক্রিয়া এখনো শেষ হয়নি। প্রজ্ঞাপন একাধিকবার হতে পারে এবং সার্ভিসে যোগদানের নির্ধারিত তারিখের আগেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সময় রয়েছে। এ কারণে প্রার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
পুলিশ ভেরিফিকেশন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, এটি সরকারি চাকরিতে নিয়োগের নিয়মিত প্রক্রিয়া এবং সব সরকারের সময়ই বিধি অনুযায়ী হয়ে থাকে। কোনো প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে যাচাইয়ের সময় তা বিবেচনায় আসতে পারে। কারও বিরুদ্ধে আদালতের সাজা থাকলে তা প্রত্যাহার বা সংশ্লিষ্ট আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনগত কিছু বিধিনিষেধও প্রযোজ্য হতে পারে।
মন্ত্রী বলেন, ভেরিফিকেশনের কারণে কারও নিয়োগ আটকে গেলে নির্ধারিত প্রক্রিয়ায় মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখার ব্যবস্থাও রয়েছে। তবে ৪৯তম বিসিএসের ক্ষেত্রে সেই পর্যায়ে যাওয়ার মতো সময় এখনো আসেনি বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে শিক্ষার্থীদের উত্তেজিত না করতেও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ জানান, ৪৯তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ায় আরো সময় রয়েছে। আগামী সোমবার ৪৬ জনের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে। এর আগে নিয়োগসংক্রান্ত কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং প্রজ্ঞাপনের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন রয়েছে।
তিনি আবারও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। একই সাথে অপতথ্য ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা থেকে বিরত থাকার এবং নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)