মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির সাত মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পিএম
ছবিঃ বাসস
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চলতি সময়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বাংলাদেশের প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী। গত সাত মাসের এই চিত্র তুলে ধরে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনে ট্রলি সেবার উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিদেশগামী যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের সুযোগ-সুবিধা, চাহিদা ও বিভিন্ন ভোগান্তির বিষয়ে খোঁজ নেন মন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, শুধু বিদেশে কর্মী পাঠানোর সংখ্যা বাড়ালেই চলবে না, দক্ষ কর্মী পাঠানো নিশ্চিত করতে হবে। দক্ষ জনশক্তি তৈরি না করে বিপুলসংখ্যক কর্মী বিদেশে পাঠালেও তা থেকে দেশের প্রত্যাশিত সুফল পাওয়া যাবে না। মধ্যপ্রাচ্যে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গত সাত মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে শ্রমবাজারে আরো ভালো ফল পাওয়ার আশাও জানান।
প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিমানবন্দরে দ্রুত জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ জন্য উপযুক্ত স্থান নির্ধারণের নির্দেশনাও দেয়া হয়েছে বলে জানান তিনি। প্রবাসীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন।
ফ্লাইট বিলম্ব ও সময়সূচির বিপর্যয়ে বিদেশগামী যাত্রীদের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বিমানবন্দর শহর থেকে দূরে হওয়ায় অনেক যাত্রীকে থাকা ও খাওয়ার সমস্যায় পড়তে হয়। এ ভোগান্তি কমাতে বিমানবন্দরের কাছাকাছি একটি রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে প্রয়োজনে যাত্রীরা সেখানে অবস্থান করতে পারেন।
অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ বিষয়ে একটি প্রস্তাব দিলে তা গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)