Logo
×

Follow Us

জাতীয়

নতুন উদ্দীপনায় আনসার-ভিডিপির কার্যক্রম জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম

নতুন উদ্দীপনায় আনসার-ভিডিপির কার্যক্রম জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের নতুন উদ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় ও আন্তরিকতার ভিত্তিতে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আজ তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবে চলছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে এসব কার্যক্রম ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

আনসার সদস্যদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাহিনীর সদস্যদের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণে সরকার উদ্যোগ নেবে। পাশাপাশি আর্থিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

নতুন সদর দপ্তর প্রতিষ্ঠাকে বাহিনীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, সদর দপ্তর নির্মাণের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ পাওয়া গেছে। বর্তমান সদর দপ্তরে জায়গার সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে সরকার কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের বৃহত্তম বাহিনী।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। বাহিনীর ঐতিহাসিক অর্জনের কথা তুলে ধরে তিনি সদস্যদের আর্থিক ও অন্যান্য দাবি পর্যায়ক্রমে পূরণের বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ডিসেম্বরের বিজয় মাসে নাশকতার আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মাসে কোনো অপশক্তিকে দেশে নাশকতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না।

রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর দাবি, সরকার দায়িত্ব নেয়ার পর ট্রাফিক ব্যবস্থায় যে উন্নতি দেখা গেছে, তা প্রশংসিত হয়েছে। এ অগ্রগতি ধরে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন