ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবিঃ বাসস
দেশে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা জোরদারে বাংলাদেশকে পাঁচ লাখ এনএস১ র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের আওতায় এসব কিট সরবরাহ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দ্রুত এসব কিট দেশের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়ার নির্দেশ দেন। তিনি জানান, যানজট ও যাতায়াতের সুবিধা বিবেচনায় কুর্মিটোলা হাসপাতালে হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তবে সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে সেগুলো বিতরণ করা হবে।
সাখাওয়াত হোসেন বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাতেও পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন পরীক্ষার কিট ও আইভি স্যালাইন মজুদ রয়েছে। ফলে দেশের কোনো এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
বাংলাদেশে ডেঙ্গুর টিকা চালুর সম্ভাবনা নিয়েও সরকারের ভাবনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকার ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করা জরুরি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সাথে আলোচনা চলছে। আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই টিকা চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)