Logo
×

Follow Us

জাতীয়

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবিঃ বাসস

দিনব্যাপী সরকারি সফরে ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে তিনি ফেনীতে পৌঁছান। সফরে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে জানান, দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী ফেনীতে পৌঁছান। এরপর তার গাড়িবহর পরশুরামের দিকে রওনা হয়। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা করেন তিনি। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠের খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে স্থানীয় বাসিন্দাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

একনেক গত ১৬ জুন ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। পরবর্তী ধাপে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি সিলোনিয়া নদীতে বাঁধ নির্মাণ, খনন ও সংস্কারের পরিকল্পনাও রয়েছে।

পরে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠের অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেয়া হবে।

ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে প্রধানমন্ত্রীর নানা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ আসনের সাথেও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও পারিবারিক স্মৃতি রয়েছে। এ আসন থেকে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন