মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক স্কুলশিক্ষককে আটকের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সসম্মানে ছেড়ে দেয়ার ঘটনা তুলে ধরে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।
মাহদী আমিন জানান, দৌলতপুরে ওই শিক্ষকের বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ হলে পুলিশ শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট থানাকে ওই শিক্ষককে সসম্মানে মুক্তি দিয়ে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন বলে জানান মাহদী আমিন। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, মানুষের মত ও দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকতেই পারে। কারও বক্তব্যের সাথে একমত না হলেও তার মত প্রকাশের অধিকারকে সম্মান করা প্রয়োজন। তার মতে, ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাই গণতন্ত্রকে শক্তিশালী করে।
মাহদী আমিন আরো বলেন, পারস্পরিক সম্মান, ইতিবাচক আচরণ এবং সহাবস্থানের পরিবেশ গড়ে উঠলে সমাজ আরো শক্তিশালী হবে—এমনটাই প্রধানমন্ত্রী মনে করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)