রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবিঃ সংগৃহীত
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের নতুন চালান আজ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়ামের চালানটি দেশে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। বাংলাদেশ ও রাশিয়ার পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও বিশেষ কার্গো পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না মেলায় তখন চালানটি আনা সম্ভব হয়নি।
পরবর্তীতে পাকিস্তানের কাছ থেকে আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ার পর নতুন করে চালানটি দেশে আনার সময়সূচি নির্ধারণ করা হয়। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়াম বহনকারী কার্গোটি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে।
চলতি বছরের মধ্যে রূপপুরের জন্য মোট সাতটি ইউরেনিয়াম চালান দেশে আসার কথা রয়েছে। এর আগে কেন্দ্রটির প্রথম ইউনিটে তিন মাসেরও বেশি সময় আগে পারমাণবিক জ্বালানি লোড করা হয়েছে। তবে সেফটি ভাল্বের নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এখনো ওই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি।
সব ধরনের প্রস্তুতি ও কারিগরি কাজ নির্ধারিত সময় অনুযায়ী শেষ হলে ডিসেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)