আইনশৃঙ্খলায় সমন্বিত অভিযান, ক্লিন হার্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এ ধরনের অভিযানকে ‘অপারেশন ক্লিন হার্ট’-এর সাথে তুলনা করার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপারেশন ক্লিন হার্ট’ পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনীকে নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনার প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, যৌথ বাহিনী গঠনের বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। তবে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বর মাসে কোনো অপশক্তি অপতৎপরতা চালাতে পারে বলে সরকার মনে করছে না।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নতুন সদর দপ্তরে সদস্যদের জন্য কেন্দ্রীয়ভাবে ডরমিটরি নির্মাণের ব্যবস্থাও করা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)