হার্টের সংকেত অবহেলা নয়, দ্রুত চিকিৎসার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবিঃ বাসস
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, হৃদয়ের যেকোনো সতর্কসংকেত বা উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।
মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে বিপুলসংখ্যক মানুষ মারা যান। সবাই হৃদরোগের ঝুঁকি ও সচেতনতার প্রয়োজনীয়তা সম্পর্কে জানলেও অনেক ক্ষেত্রে সেই সচেতনতা দৈনন্দিন জীবনে বাস্তবে প্রয়োগ করা হয় না। হৃদরোগের ক্ষেত্রে এমন অবহেলা গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক—সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই হৃদরোগের কোনো লক্ষণ দেখা দিলে সময় নষ্ট না করে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।
এর আগে সকালে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতেও অংশ নেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)