Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশের ভিসা পোর্টাল বন্ধ, ছয় দিনেও কাটেনি জট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম

বাংলাদেশের ভিসা পোর্টাল বন্ধ, ছয় দিনেও কাটেনি জট

সংগৃহীত ছবি

কারিগরি ত্রুটির কারণে ছয় দিন ধরে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টাল বন্ধ রয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন করে ভিসার আবেদন করা যাচ্ছে না। ফলে বিদেশি নাগরিকদের বাংলাদেশে ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণে সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে।

সোমবার সকাল থেকে একাধিকবার সরকারি ভিসা আবেদন পোর্টালে প্রবেশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রতিবারই ওয়েবসাইটে ‘সার্ভার এরর’ দেখিয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের ভিসা আবেদন কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, দীর্ঘদিন পোর্টালটির আধুনিকায়ন না হওয়ায় অতিরিক্ত চাপ পড়লে সার্ভার ডাউন হওয়ার ঘটনা ঘটে। এবারও হঠাৎ করে কেন্দ্রীয় সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সার্ভার সচল করার কাজ চলছে।

কর্তৃপক্ষ বলছে, সমস্যা দ্রুত সমাধানে কারিগরি দলের সদস্যরা সার্বক্ষণিক কাজ করছেন। তবে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত নতুন ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে না।

এর আগে গত বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সংশ্লিষ্ট সিস্টেমে কারিগরি সমস্যার কারণে নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ ও ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে।

ভারতের নাগরিকদের মধ্যেও এ নিয়ে ভোগান্তির কথা উঠে এসেছে। গত রোববার কয়েকজন ভারতীয় নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ট্যাগ করে ভিসা আবেদন সাইট কাজ না করার অভিযোগ জানান। তাদের কেউ কেউ জানান, কয়েক দিন ধরে পোর্টালে প্রবেশ করা যাচ্ছে না এবং আবেদন করতে গিয়ে সার্ভার ত্রুটি দেখা যাচ্ছে।

জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাসও পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি সমস্যার কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভার বর্তমানে সচল নেই। এর ফলে দূতাবাসে এনভিআর ও ভিসা আবেদন প্রক্রিয়াকরণ এবং ভিসা ইস্যুতে সাময়িক বিলম্ব হচ্ছে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিআইপির কেন্দ্রীয় সিস্টেম দ্রুত সচল করতে কাজ চলছে। পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ধরার পাশাপাশি ভিসার আবেদনের অবস্থা জানতে বারবার যোগাযোগ না করার অনুরোধ করা হয়েছে। সিস্টেম চালু হলে স্বাভাবিক ভিসা কার্যক্রম শুরুর তথ্য দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে বলেন, ভিসা আবেদন ব্যবস্থা বর্তমানে বন্ধ রয়েছে এবং এর ফলে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। রক্ষণাবেক্ষণ চুক্তির বিষয়েও কিছু সমস্যা থাকতে পারে বলে জানান তিনি।

মহাপরিচালক বলেন, সিস্টেমের ত্রুটির কারণে নতুন আবেদন নেয়া হচ্ছে না। তবে যারা আগে আবেদন করেছেন, তারা নির্ধারিত সময়েই ভিসা পাবেন। সমস্যা সমাধানে অধিদপ্তরের কারিগরি দল সার্বক্ষণিক কাজ করছে এবং সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দেখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর নাগরিকসহ যেসব দেশের নাগরিকদের বাংলাদেশে প্রবেশের জন্য অগ্রিম ভিসার প্রয়োজন হয় না, তারা বিমানবন্দরে এসে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারেন। তবে সরকারি ভিসা আবেদন পোর্টাল দীর্ঘ সময় বন্ধ থাকা বড় ধরনের সমস্যা উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা জানান তিনি।

মন্তব্য করুন