এআই-সেমিকন্ডাক্টরে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আগ্রহ: ববি হাজ্জাজ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
ছবিঃ বাসস
বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলে অনুষ্ঠিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল’-এ বক্তব্য দেয়ার সময় তিনি এ তথ্য জানান। ‘টেকনোলজি ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস ফর বাংলাদেশ’স গ্রোথ’ প্রতিপাদ্যে বৈঠকটি আয়োজন করা হয়।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের আগ্রহ দেশের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে। এ ধরনের বিনিয়োগ বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিশ্ব প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের সাথে সামঞ্জস্য রাখতে বাংলাদেশ দক্ষ মানবসম্পদ তৈরি ও আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে। এআই, ডেটা অবকাঠামো এবং উচ্চপ্রযুক্তিনির্ভর খাতে আন্তর্জাতিক বিনিয়োগ ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্ব নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাস্তবায়নযোগ্য সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়।
আলোচনায় বাংলাদেশি প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
কারম্যাক্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার শামীম মোহাম্মদের সঞ্চালনায় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।
বৈঠকে এআই, সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি স্থানান্তর এবং কৌশলগত অংশীদারত্বের সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)