সমঅধিকারে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবিঃ বাসস
ধর্ম-বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করে সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন এবং সবার সমান অধিকার রয়েছে। দেশের প্রতিটি মানুষের মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করেই একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় রাষ্ট্র গড়ে তুলতে হবে।
দেশকে বর্তমান সংকট থেকে উত্তরণ ঘটিয়ে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন মির্জা ফখরুল ইসলাম। নৃ-গোষ্ঠীসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দুঃখ-কষ্ট ও প্রত্যাশার বিষয়ে তিনি অবগত রয়েছেন বলেও জানান।
সাক্ষাতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফল করতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের অংশগ্রহণ ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি। সংরক্ষিত নারী আসনে এসব সম্প্রদায়ের প্রার্থীদের বেশি করে মনোনয়ন দেয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সব সম্প্রদায়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনেরও আহ্বান জানান রাষ্ট্রপতি। সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সমস্যা ও দাবি যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। কোনো একটি পক্ষের এককভাবে এগিয়ে যাওয়া সম্ভব নয়; সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আসন্ন দুর্গাপূজায় ঢাকেশ্বরী ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সেখানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরা হয়। জবাবে তিনি সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা তপন চন্দ্র মজুমদার, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জন গমেজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা সুশীল চন্দ্র বড়ুয়াসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)