Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে ইউরোপের দেশগুলোর বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে বাণিজ্য, সুশাসন, জলবায়ু, টেকসই উন্নয়ন ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্য দেশগুলোর সাথে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশে নিযুক্ত ইইউ সদস্য দেশ ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধিদলের প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা ও সুযোগ তুলে ধরেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে জানান, সাক্ষাতে রাষ্ট্রদূতরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে রাষ্ট্রপতি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলোর মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক সম্পর্ক এখন বহুমাত্রিক অংশীদারত্বে রূপ নিয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য দেশগুলোর সহযোগিতার জন্যও তিনি কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরো গভীর করার নতুন সুযোগ তৈরি হয়েছে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি তিনি আহ্বান জানান।

অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে বাংলাদেশের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রপতি। পাশাপাশি দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং আরও ইইউ সদস্য দেশকে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূতরা বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাণিজ্য, সুশাসন, জলবায়ু কার্যক্রম ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।

বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সমান সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূতরা। পাশাপাশি বাংলাদেশের সাংবিধানিক, বিচার বিভাগীয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগে ইইউর অব্যাহত সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়টি তারা পুনর্ব্যক্ত করেন। এ ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ইইউর চলমান মানবিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সাথে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে ইইউর আরো জোরালো ভূমিকা প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রদূতরা এ বিষয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, সবুজ রূপান্তর, অভিবাসন ব্যবস্থাপনা, শিক্ষা, সামুদ্রিক বিষয়াবলি ও প্রযুক্তি হস্তান্তর নিয়েও মতবিনিময় হয়। গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখা এবং বহুপক্ষীয় ফোরামে যৌথভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করে দুই পক্ষ।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন