Logo
×

Follow Us

জাতীয়

সঠিক ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে মৃত্যু কমানো সম্ভব : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

সঠিক ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে মৃত্যু কমানো সম্ভব : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবিঃ বাসস

যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জলাতঙ্ক হওয়ার পর নিয়ন্ত্রণের চেয়ে আগে থেকেই রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া জরুরি। এ জন্য টিকাদান কর্মসূচি সম্প্রসারণ, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং আক্রান্ত হওয়ার পর দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, শহরাঞ্চলে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা তুলনামূলক বেশি হলেও গ্রাম ও প্রান্তিক এলাকায় এ বিষয়ে সচেতনতা এখনও কম। এ কারণে এসব এলাকায় মৃত্যুর ঘটনাও বেশি দেখা যায়। তাই শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে সারা দেশে আগের মতো কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনস্বাস্থ্য ও মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়েই সরকারের কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করা প্রাণী রোগমুক্ত ও নিরাপদ কি না, সে বিষয়েও সচেতন হচ্ছে। প্রাণীর রোগ নিয়ন্ত্রণের সাথে মানুষের স্বাস্থ্য সুরক্ষার সরাসরি সম্পর্ক রয়েছে। তাই প্রাণিস্বাস্থ্য ও জনস্বাস্থ্যকে সমন্বিতভাবে বিবেচনা করে উদ্যোগ নিতে হবে।

প্রাণিসম্পদ খাত দেশের প্রান্তিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে প্রাণীর রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষক ও খামারিদের সচেতনতা বাড়ানো জরুরি। প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য আরো সেমিনার, প্রচার-প্রচারণা ও মাঠপর্যায়ের কার্যক্রম চালানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. রেজাউল আমিন। প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত ছিলেন।

আলোচনায় দেশে জলাতঙ্কের পরিস্থিতি, প্রতিরোধমূলক কার্যক্রম, কুকুরের টিকাদান এবং ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান। বক্তব্য দেন পরিচালক (সম্প্রসারণ) ড. বেগম শামছুননাহার আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক ডা. মো. আ. মান্নান মিয়া ও পথ কুকুরের মাধ্যমে জলাতঙ্ক রোগ বিস্তার রোধ প্রকল্পের পরিচালক ডা. মেহেদি হাসান ভূইয়া।

এদিকে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানীতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রাণিসম্পদ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, ভেটেরিনারিয়ান, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

মন্তব্য করুন