গুণী শিক্ষক সম্মাননা পাবেন ১০০ জন: মাহ্দী আমিন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
ছবিঃ বাসস
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ বছর জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’র পরিধি বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। এর আগে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এই সম্মাননা দেয়া হতো।
আজ দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে মাত্র ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক সম্মাননা দেওয়া হয়েছে। এবার নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ১০০ জন কৃতি শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হচ্ছে।
আগামী ৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
সম্মাননার আওতা সম্পর্কে উপদেষ্টা বলেন, এবার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিকের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা—এই তিন ধারার শিক্ষকরা তালিকায় থাকছেন। পাশাপাশি কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তির মতো বিশেষায়িত ক্ষেত্র থেকেও গুণী শিক্ষকদের নির্বাচন করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষকরা শুধু শিক্ষার্থীদের পাঠদানেই সীমাবদ্ধ নন। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আত্মমর্যাদাশীল জাতি গঠন এবং আধুনিক ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও টেকসই শিক্ষা নীতি সরকারের অগ্রাধিকারের অংশ।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)