Logo
×

Follow Us

জাতীয়

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০-২৫ তারিখে পে-রোল পাঠানোর নির্দেশ

ছবিঃ বাসস

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের ভাতার অর্থ নির্ধারিত সময়ে পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ডের ভাতার অর্থ উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) ও ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি পাঠানো হচ্ছে।

চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের প্রতি মাসের কিস্তির অর্থ ছাড়ের জন্য নির্ভুল পে-রোল প্রস্তুত করে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত ও সঠিক উপকারভোগীদের কাছে ভাতার অর্থ দ্রুত পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পে-রোল পাঠানোর আগে ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।

এ ছাড়া প্রচলিত নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু হলে বা অন্য কোনো কারণে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিস্থাপন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ফ্যামিলি কার্ডের ভাতা নিয়মিতভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন