যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম
ছবিঃ বাসস
দেশে অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে দেশ রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সভাটি জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
সরদার সাখাওয়াত হোসেন বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আত্মনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় তিনি বঙ্গোপসাগর থেকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগের কথাও তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী, সমুদ্র থেকে গ্যাস উত্তোলন সম্ভব হলে তা বিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো যাবে এবং দেশের জ্বালানি সক্ষমতা বাড়বে।
মতবিনিময় সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এ এফ এম মুর্তাজ আলম বাহার এবং জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা শহরে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে স্বাস্থ্যমন্ত্রীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)