প্রাথমিকের বঞ্চিত ৮১৭ প্রার্থী নিয়োগ পাবেন ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ প্রক্রিয়ায় এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ প্রার্থীকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জনের নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ দেয়া হবে। যারা ওই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।
তিনি জানান, দায়িত্ব নেয়ার পর প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। এ পর্যন্ত ১৩ হাজার ৮৫৪ জন প্রার্থীর চূড়ান্ত আবেদন পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, ডিপিও লেটার ইস্যুর সময় কিছু প্রার্থীর ভেরিফিকেশন ও ঠিকানা নিয়ে জটিলতা ধরা পড়ে। অনেকেই ঠিকানা পরিবর্তন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাননি। ফলে তাদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও সমস্যা হয়েছে।
নিয়োগবঞ্চিত প্রার্থীদের ভেরিফিকেশন ও ঠিকানা যাচাইয়ের কাজ ধাপে ধাপে চলছে। যাদের যাচাই এখনো শেষ হয়নি, তাদের বিষয় পর্যালোচনা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত প্রক্রিয়ায় প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে নিয়োগপত্র দেয়ার কাজ অব্যাহত রয়েছে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)